
কলারোয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার নবগঠিত মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য কর্মপরিষদ সদস্যরাও শপথ নেন।
এদিকে, মাওলানা মো. শহিদুল ইসলাম পঞ্চমবারের মতো কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়ে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মরহুম আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৭-২০২৮ সেশনে দায়িত্ব পালনের জন্য উপজেলা পর্যায়ের এই পরামর্শমূলক ফোরামের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী। তিনি দায়িত্বশীলদের আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পারস্পরিক পরামর্শ ও সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে শূরা ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
কলারোয়া উপজেলা জামায়াতের ৫ম বারের মতো নির্বাচিত আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মজলিসে শূরার সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাঃ কামারুজ্জামান বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠন ও জনগণের কল্যাণে কাজ করাই দায়িত্বশীলদের লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে নবগঠিত মজলিসে শূরার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আগামী সেশনে সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে পরামর্শমূলক ভূমিকা পালন করবে এই ফোরাম।
উল্লেখ্য যে, আগামী ২বছরের জন্য উপজেলা কর্মপরিষদ সদস্যগণও শপথ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :