
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, জনগণের দেওয়া দায়িত্বই তার মূল শক্তি এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আপনারা আমাকে খেদমতের দায়িত্ব দিয়েছেন, আর খেদমত করাই আমার কাজ। এলাকার মানুষের সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে এবং সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন।”
সোমবার (২৩ মার্চ) বেলা ১২ টার দিকে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন কলেজপাড়া ফেরদৌস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে পবিত্র ঈদ উপলক্ষে এলাকার সব শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এমপি ইজ্জত উল্লাহ আরও বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে মসজিদটির প্রতিষ্ঠাতা ও কলারোয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলীর সভাপতিত্বে ও জিএম সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মো. ওমর আলী, দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা কার্যালয়ের পরিচালক খাঁন মীজানুল ইসলাম সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা আব্দুল হামিদ, অফিস সেক্রেটারি জাহিদ হাসান মিঠু, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ডাঃ ইউনুস আলী বাবু, সেক্রেটারি মাওলানা মো. আলমগীর হোসেন, জামায়াত নেতা মাওলানা তৌহিদুর রহমান, শেখ কামরুল ইসলাম, মাওলানা আব্দুর রকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি ঈদ পুনর্মিলনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। এতে এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার হয়েছে বলে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :