ব্রেকিং নিউজ :

স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান এমপি ইজ্জত উল্লাহ’র


প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন | ২৪৯
স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান এমপি ইজ্জত উল্লাহ’র

কলারোয়ায় ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত 

বনি আমিন, কলারোয়া পৌরসভা 

সাতক্ষীরার কলারোয়ায় “ভূমিসেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় কলারোয়া ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও টেকসই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণবান্ধব ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সহজ, হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর করতে ধারাবাহিকভাবে কাজ করছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশে মাথাপিছু জমির পরিমাণ ক্রমেই কমে আসছে। একই সঙ্গে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ভূমি সংক্রান্ত বিরোধ, মামলা-মোকদ্দমা ও জটিলতাও বাড়ছে। এসব সমস্যা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং অনেক সময় উন্নয়ন কর্মকাণ্ডেও বাধা সৃষ্টি করছে।

এ বাস্তবতায় ভূমির সঠিক ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ও আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু, ডেপুটি কমান্ডার মোসলেম আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মো. সাইদুর রহমান রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।