ব্রেকিং নিউজ :

কলারোয়ায় খাল দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, অপসারণ অবৈধ বাঁধ ও জাল


প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন | ৩১৯
কলারোয়ায় খাল দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, অপসারণ অবৈধ বাঁধ ও জাল

 

রাশেদুল কবির সবুজ 

মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে সাতক্ষীরার কলারোয়ায় উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০মে) দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলার ৫ নং কেঁড়াগাছী ইউনিয়নের মজুমদার খাল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে খালের বিভিন্ন স্থানে নির্মিত অবৈধ বাঁধ ও অন্যান্য স্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ ও অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ অভিযানের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও মাছের অবাধ চলাচল নিশ্চিত হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উন্মুক্ত জলাশয়ে অবৈধ দখল, বাঁধ নির্মাণ ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।