ব্রেকিং নিউজ :

আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার


প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন | ১৪৯
আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

আবাসিক গ্রাকদের ক্ষেত্রে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ, আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত পূর্বের দামই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিইআরসি’র সচিব মোঃ নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক লাইফ লাইন (শূন্য থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (শূন্য থেকে ৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হয়েছে। এতে করে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি দেওয়ার মাধ্যমে সমন্বয় করতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইন শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত এনার্জি রেট বা দাম হবে ৪ দশমিক ৬৩ টাকা। এছাড়া আবাসিক প্রথম ধাপের শূন্য থেকে ৭৫ ইউনিটের এনার্জি রেট বা দাম হবে ৫ দশমিক ২৬ টাকা।
এই আদেশ জুন মাসের বিল থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)