ব্রেকিং নিউজ :

কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা ও জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন


প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন | ১৫৯
কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা ও জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

সাতক্ষীরার কলারোয়ায় বাল্যবিয়ে, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে এক ব্যতিক্রমী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমাকে দেখেই তোমরা শেখো, আমিও একসময় তোমাদের মতোই ছিলাম। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো বাধা জয় করা সম্ভব।” তিনি সামাজিক ব্যাধি দূরীকরণে গণসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, মাদক, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি মসজিদের ইমামদের নিয়মিত আলোচনা করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক স্পষ্ট করে বলেন, “নোটারি পাবলিকের (কোর্ট ম্যারেজ) মাধ্যমে কোনো বৈধ বিয়ে সম্পন্ন হয় না। এটি আইনিভাবে গ্রহণযোগ্য নয়।” এ বিষয়ে সচেতনতা বাড়াতে তিনি স্থানীয় আইনজীবীদের সাথেও দ্রুতই আলোচনায় বসবেন বলে আশ্বাস দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার এবং বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুজ্জামান কামরুল। কলারোয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কলারোয়া পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন:পাইলট হাইস্কুলের অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মিজ কাউসার আজিজ দিনব্যাপী কলারোয়া উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন।

শিক্ষার্থীদের নৈতিকতা ক্যাম্পেইন: সকাল ১১টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে “শিক্ষক-শিক্ষার্থীদের শিষ্টাচার ও নৈতিকতা ক্যাম্পেনিং” শীর্ষক আলোচনা সভায় যোগ দেন।

আশ্রয়ণ ও ক্লিনিক পরিদর্শন: বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি পাঁচপোতা আশ্রয়ণ প্রকল্প এবং দুপুর ১২টা ৩০ মিনিটে হেলাতলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান। সেখানে তিনি সরকারি সেবার মান ও সুবিধাভোগীদের খোঁজখবর নেন।

সেলাই মেশিন বিতরণ: দুপুর ১টায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।উন্নয়ন প্রকল্প ও ভূমি অফিস পরিদর্শন: মধ্যাহ্নভোজের বিরতি শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে পৌরসভার অধীনে নির্মাণাধীন কলারোয়া গার্লস স্কুলের সাইক্লোন সেন্টার কাম একাডেমিক ভবন পরিদর্শন করেন। এরপর বিকেল ৩টায় টিআর (টেস্ট রিলিফ) প্রকল্প এবং সর্বশেষ বিকেল ৩টা ৩০ মিনিটে কলারোয়া পৌর ভূমি অফিস পরিদর্শন ও দাপ্তরিক কাজের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে জেলা প্রশাসক তাঁর ব্যস্ততম দিনব্যাপী সফর সমাপ্ত করেন।

উল্লেখ্য, গত ০২ মে কাউসার আজিজ সাতক্ষীরার জেলা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবন: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।