ব্রেকিং নিউজ :

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে এ সপ্তাহেই: ট্রাম্প


প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন | ১৭৯
ইরানের সঙ্গে চুক্তি হতে পারে এ সপ্তাহেই: ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে এবং এ সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের এমনটা জানান তিনি।
বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে। এসময় সম্ভাব্য চুক্তির অধীনে ওয়াশিংটন তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে পারবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমরা ভিন্ন একটি কারণে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। তাই ইরানও তার পাল্টা জবাব দিচ্ছিল। আমি শুনছি, আলোচনাটি বেশ ভালোভাবেই এগোচ্ছে। খুবই ভালোভাবে। যদি তাই হয়, তাহলে এই সপ্তাহের শেষেই চুক্তিতে পৌঁছানো যেতে পারে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যদিও আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে দাবি তাঁর।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার চিত্রটা হয়ে উঠেছে ‘শেষ হইয়াও হইলো না শেষের’ মতো। ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতকে এখন ঠিক এভাবেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা।
এদিকে, গত শনিবার ইরান যুদ্ধ গড়ায় একশতম দিনে। তবে সংঘাত বন্ধের সুনির্দিষ্ট কোন দিনক্ষণ ঠিক না হওয়ায় ধোঁয়াশা যেন কাটছেই না। তবুও নিত্যনতুন আশার বানী শুনিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়াও ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতের মত অন্যান্য আঞ্চলিক উত্তেজনা ইরানের সঙ্গে চলমান আলোচনার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ট্রাম্প।
এর আগে পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে ইরান সম্মত হয়েছে বলে নিউইয়র্ক পোস্টের এক পডকাস্ট সাক্ষাৎকারে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় ইরান এ বিষয়ে রাজি হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এছাড়াও হরমুজ প্রণালিতে অচলাবস্থা খুব দ্রুত সমাধানের পথে এগোবে বলেও মন্তব্য করেন তিনি

(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)