ব্রেকিং নিউজ :

সরকারি খালকে কেন্দ্র করে শ্যামনগরে সংঘর্ষ; জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ কয়েকজন আহত


প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন | ১৫৯
সরকারি খালকে কেন্দ্র করে শ্যামনগরে সংঘর্ষ; জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ কয়েকজন আহত

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খুঁটিকাটা-কাঁঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় সরকারি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে এলাকার কয়েকজন ব্যক্তি সংক্রান্তির খালে মাছ ধরতে গেলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের কর্মীসহ একাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াত নেতা শাহিন হোসেন দাবি করেন, খালটির ইজারা মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয় দরিদ্র মানুষ মাছ শিকারে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হাসপাতালে নেওয়ার পরও তাদের এক কর্মীকে মারধরের শিকার হতে হয়েছে।
অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম বলেন, তিনি খালটির পুনরায় ইজারার জন্য আবেদন করেছেন এবং পূর্বে মাছ অবমুক্ত করায় মাছ শিকারে বাধা দেন। তার দাবি, এ ঘটনায় তাদের পক্ষের লোকজনও আহত হয়েছেন।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, ঘটনাটি মাছ শিকারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে এবং এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, আহতদের মধ্যে দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এটি মূলত সরকারি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ। ঘটনাটিকে রাজনৈতিক সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই; উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।