ব্রেকিং নিউজ :

মহররমের প্রথম দশ দিন পর আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন, ভুয়া খবর থেকে সতর্ক থাকার আহ্বান


প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ২:৫০ অপরাহ্ন | ২৮৯
মহররমের প্রথম দশ দিন পর আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন, ভুয়া খবর থেকে সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় শাহাদত বরণ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন পবিত্র মহররমের প্রথম দশ দিন পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কমিটি।
মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন ও ভুয়া তথ্য নাকচ করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইরানের বার্তা সংস্থা ওয়েস্ট এশিয়া নিউজ অ্যাজেন্সি (ওয়ানা) জানিয়েছে, খামেনি এবং তার সঙ্গে নিহত পরিবারের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানোর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, দেশের ভেতরে ও বাইরে জানাজা ও দাফনের সময়সূচি নিয়ে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। লাখো শোকার্ত মানুষের উপস্থিতিতে মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনের মাধ্যমে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, আয়াতুল্লাহ খামেনির আজীবনের ইসলামপ্রেম ও কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে দাফন অনুষ্ঠান কিছুটা বিলম্বিত করা হয়েছে। পবিত্র মহররমের প্রথম দশ দিনজুড়ে মুসলিম বিশ্বে ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের শোক পালিত হয়। এ সময়ে ধর্মীয় কর্মসূচি ও আশুরার শোকানুষ্ঠানে কোনো বিঘ্ন না ঘটানোর লক্ষ্যেই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এছাড়া তেহরানে সমবেত হতে যাওয়া বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেও অতিরিক্ত সময় প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরান সরকার দেশবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে খুব শিগগিরই জানাজা ও দাফনের সঠিক সময় ও স্থান ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র: ওয়ানা নিউজ