ব্রেকিং নিউজ :

কলারোয়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে দুই যুবকের মাথা ফাটিয়ে আহত করার অভিযোগ


প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন | ১৪৯
কলারোয়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে দুই যুবকের মাথা ফাটিয়ে আহত করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই যুবককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন মাহমুদপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে মোঃ জালাল উদ্দিন ও আবু সালাম।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমির মালিকানা ও দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। অভিযোগকারীদের দাবি, সম্প্রতি আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার মামলায় তাদের পক্ষে আদেশ প্রদান করেন। কিন্তু বিবাদীপক্ষ আদালতের ওই আদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে নতুন স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ইট নিয়ে আসে।
বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বিবাদীপক্ষ জমিতে ইট নামিয়ে স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিলে বাদীপক্ষ আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, মনজুরুল ইসলামের নেতৃত্বে একই গ্রামের আলমগীর হোসেন, চান্দু, আশরাফ হোসেন, জুয়েল হোসেন ও সাইফুল ইসলাম সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালান। হামলার সময় ইট ও অন্যান্য বস্তু দিয়ে আঘাত করা হলে জালাল উদ্দিন ও আবু সালামের মাথা ফেটে যায় এবং তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহিন বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।