
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উলামা বিভাগের উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আদর্শে সমাজ গঠন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
বুধবার (১০ জুন) সকাল ৭টায় কলারোয়ার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে উপজেলা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক তৌহিদুর রহমান।
শিক্ষা শিবিরের শুরুতে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে নির্ধারিত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মো. ওসমান গনী, সেক্রেটারি অধ্যক্ষ ড. রুহুল আমিন, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহা. কামারুজ্জামান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এজন্য আলেম-উলামাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের উলামা বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে সাংগঠনিক দিকনির্দেশনা, আদর্শিক প্রশিক্ষণ এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ড়
আপনার মতামত লিখুন :