ব্রেকিং নিউজ :

পরানদাহা ব্রিজের মধ্যস্থলে গর্ত, চরম ঝুঁকিতে জনসাধারণ; দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর


প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন | ২৫৯
পরানদাহা ব্রিজের মধ্যস্থলে গর্ত, চরম ঝুঁকিতে জনসাধারণ; দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়ন ও আগরদাঁড়ি ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত পরানদাহা বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ ব্রিজটির মধ্যস্থল বরাবর বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। ফলে ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং স্থানীয়দের কাছে এটি একপ্রকার ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরানদাহা ব্রিজটি শিবপুর, আগরদাঁড়ি, সাতক্ষীরা শহর, বৈকারীসহ ও আশপাশের কয়েকটি এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের যানবাহন এই ব্রিজ ব্যবহার করে থাকে।
সম্প্রতি ব্রিজটির মধ্যস্থল বরাবর বড় একটি গর্ত তৈরি হওয়ায় চলাচলকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকলেও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।
এলাকাবাসী জানান, ব্রিজটির অবস্থা এতটাই নাজুক যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি ইতোমধ্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবুও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, “ব্রিজের মাঝখানে বড় গর্ত হয়ে গেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। কোনো ভারী যানবাহন চলাচল করলে ব্রিজটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সংস্কার না হলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।”
তারা আরও বলেন, “দুর্ঘটনা এড়াতে আমরা নিজেরাই লাল পতাকা টাঙিয়ে মানুষকে সতর্ক করছি। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
এলাকাবাসী পরানদাহা বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ ব্রিজটি জরুরি ভিত্তিতে পরিদর্শন করে দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে অপূরণীয় দুর্ঘটনা।