ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক এমপি


প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন | ২১৯
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল  খালেক এমপি

মোঃ রাশিদুল কবির সবুজ

“ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান; শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার (৩০ মে) সকাল ১১টায় সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি নুরুন নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি মোঃ নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ তালা কলারোয়ার এমপি মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, আরও উপস্থিত ছিলেন জেলা ও শহর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সাবেক দায়িত্বশীল, শিক্ষাবিদ, পেশাজীবী এবং ছাত্রশিবিরের শত শত বর্তমান ও সাবেক সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসবের অনুষ্ঠান নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি বর্তমান ও সাবেক কর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, আদর্শিক চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ ঈদের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়েই জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়। তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, বিভাজন ও মূল্যবোধের সংকট মোকাবেলায় তরুণ সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আদর্শিক শিক্ষা, মানবসেবা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত বর্তমান ও সাবেক সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, পুরোনো স্মৃতিচারণ করেন এবং বিভিন্ন অভিজ্ঞতা ভাগাভাগি করেন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ফলে অনুষ্ঠানটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সমাবেশেই সীমাবদ্ধ না থেকে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তরিকতার এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
“সম্প্রীতির টানে, শিকড়ের পানে” এই স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক কয়েকশ সদস্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের আদর্শ, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।
দিনব্যাপী প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়ে শেষ হয়। উপস্থিত সবাই ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।