
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী ফেরিঘাটে সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় নওয়াবেকী ফেরিঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান, নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা অহিদুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান।
বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কর্মজীবন, ইসলামী শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষার প্রসারে তার বক্তব্য ও লেখনী মানুষের মাঝে প্রভাব ফেলেছিল।
আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করা হয়। বক্তারা বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। শহীদদের আত্মত্যাগকে সম্মানের সঙ্গে স্মরণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ প্রয়াত সকল মুসলিমের আত্মার মাগফিরাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে নিহতদের পরিবারের জন্য ধৈর্য, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :