
প্রভাষক আব্দুল আলিম
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন মোঃ আহসান হাবীব মন্টুর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শোকবার্তা দিয়েছেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোঃ আহসান হাবীব মন্টুর ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, আদর্শবান মানুষ এবং জামায়াতে ইসলামীর একজন দায়িত্বশীল রুকন ছিলেন। শিক্ষা বিস্তার ও ইসলামী আন্দোলনের কাজে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তিকালে জামায়াতে ইসলামী একজন নিবেদিত কর্মীকে হারিয়েছে, যা সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তার জীবনের সকল নেক আমল কবুল করেন, ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।
উল্লেখ্য, মোঃ আহসান হাবীব মন্টু (৫১) বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জালালাবাদ গ্রামের নিজ বাসভবনে ইন্তিকাল করেন। তিনি দীর্ঘদিন অগ্ন্যাশয় ও ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী রেখে যান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ যোহর জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেন। জানাযায় সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মরহুমের দাফন সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :