
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আহসান হাবীব মন্টু (৫১) ইন্তিকাল করেছেন। বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জালালাবাদ গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ও ক্যান্সার রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ যোহর জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অশ্রুসিক্ত নয়নে উপস্থিত মুসল্লিরা মরহুমের জন্য দোয়া করেন।
জানাযায় উপস্থিত হয়ে শোক ও সমবেদনা প্রকাশ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রবীণ আলেম মাওলানা মোঃ আব্দুল বারী, জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা ওমর আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মুহাঃ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমানুল্লাহ আমান, আঃ রউফ, জালালাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর সুপার মাওলানা আব্দুল মুনায়েম, সুপার আঃ সাত্তার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, অধ্যক্ষ মাওলানা আহমদ আলী এবং মরহুমের ভাই মোঃ আলতাফ হোসেন।
জানাযা নামাজ পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান। আলোচনা শেষে নামাজের ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
জানাযায় বক্তারা মরহুম আহসান হাবীবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মরহুমের দাফন সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :