ব্রেকিং নিউজ :

এমপি ইজ্জত উল্লাহর সহযোগিতায় কলারোয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প: ৫০০ জনকে সেবা, ১৮৮ জনের ছানি অপারেশন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১:০৪ অপরাহ্ন | ৫৫৯
এমপি ইজ্জত উল্লাহর সহযোগিতায় কলারোয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প: ৫০০ জনকে সেবা, ১৮৮ জনের ছানি অপারেশন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর সার্বিক সহযোগিতায় কলারোয়ায় দিনব্যাপী ‘ফ্রি ছানি রোগী বাছাই ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কাতার চ্যারিটির অর্থায়নে ও দৃষ্টি আই হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের যৌথ উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কলারোয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় ৫০০ জন অসচ্ছল মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয় এবং বাছাইকৃত ১৮৮ জন ছানি আক্রান্ত রোগীকে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার, লেন্স ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মানবিক চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, “অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর চোখের জ্যোতি ফিরিয়ে দিতে কাতার চ্যারিটি ও দৃষ্টি আই হাসপাতালের এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ ধরণের সামাজিক ও মানবিক পদক্ষেপ গ্রামীণ জনগোষ্ঠীর অন্ধত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা দরিদ্র মানুষকে সেবা দেওয়াই মূল উদ্দেশ্য এবং ভবিষ্যতে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আরও ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল কলারোয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাপত্র প্রদান করেন।

ক্যাম্পে এমপি ইজ্জত উল্লাহ এর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাজান কবীর, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু ও সেক্রেটারি মাওলানা মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

বিনামূল্যে চোখের উন্নত সেবা পেয়ে স্থানীয় রোগীরা চরম আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁরা সুন্দর উদ্যোগের জন্য মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি-কে বিশেষ ধন্যবাদ জানান এবং এ ধরণের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ করেন।