
রাশেদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার মুরারীকাটি গ্রামের মোঃ আকিল উদ্দীনের ছেলে মোঃ ইবাদুল ইসলাম, শিবানন্দকাটি গ্রামের বরকত উল্লাহর ছেলে মোঃ রেজাউল ইসলাম, ভিখালী গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ জোবায়ের হোসেন, কিসমত ইলিশপুর গ্রামের মোঃ আলতাফ হোসেনের ছেলে মোঃ মোস্তাকিন হোসাইন, গণপতিপুর গ্রামের মৃত আব্দুল ভদ্রের ছেলে মোঃ ইমাদুল ইসলাম এবং একই গ্রামের মৃত আশরাফের ছেলে মোঃ আজগর আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ওসি মিজানুর রহমান-এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে গভীর রাতে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এই ছয় আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের নিয়মিত বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। কলারোয়াকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :