ব্রেকিং নিউজ :

কলারোয়ায় জামায়াতের মহিলা বিভাগের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন | ১৯৯
কলারোয়ায় জামায়াতের মহিলা বিভাগের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে ওয়ার্ড সভানেত্রী ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) কলারোয়ার আছির উদ্দিন-শায়েদা মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারী দায়িত্বশীলরা অংশ নেন। ‘সৎ ও দক্ষ জনশক্তি তৈরি করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবিরটি আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমির মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের দক্ষতা, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে কাজ করতে হবে। তিনি আদর্শ পরিবার গঠন ও সৎ জনশক্তি তৈরিতে মায়েদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

শিক্ষা শিবিরের বিভিন্ন অধিবেশনে দারস ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন জামায়াতের জেলা ও স্থানীয় নেতারা। ‘দারসুল কুরআন’ শীর্ষক অধিবেশনে সূরা নূরের ২৭ থেকে ২৯ নম্বর আয়াতের আলোকে আলোচনা করেন সাতক্ষীরা জেলা শাখার মজলিশে শুরা সদস্য মাওলানা ওমর আলী। ‘যে অতীত প্রেরণা যোগায়’ বিষয়ক আলোচনা উপস্থাপন করেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা ওমর ফারুক।

এছাড়া ‘জনশক্তির মানোন্নয়ন ও সংগঠন মজবুতকরণ’ বিষয়ে বক্তব্য দেন জনাবা জয়নব পারভীন এবং ‘ইসলামী আন্দোলন ও পরিবার গঠনে দায়িত্বশীলদের ভূমিকা’ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন জনাবা মাহমুদা খাতুন।

অনুষ্ঠানে ওয়ার্ডভিত্তিক গ্রুপ আলোচনা, ইসলামী সঙ্গীত পরিবেশনা এবং সমাপনী দিকনির্দেশনার মধ্য দিয়ে শিক্ষা শিবিরের কার্যক্রম শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।