ব্রেকিং নিউজ :

কলারোয়ায় ভিলেজ ডক্টরস ফোরামের চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন | ২২৯
কলারোয়ায় ভিলেজ ডক্টরস ফোরামের চিকিৎসা বিষয়ক  সেমিনার অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) উপজেলা শাখার উদ্যোগে চিকিৎসা বিষয়ক সেমিনার “২৬ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চিকিৎসা সেবার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, রোগীদের প্রতি মানবিক আচরণ এবং চিকিৎসা পেশায় নৈতিক মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলারোয়ার আলহাজ্ব আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কীনোট স্পিকার ডা. জি. কে. এম. শহীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম (মুকুল)। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন সংগঠনটির কলারোয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাঃ কামারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারিক।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিডিএফ সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ডা. মাহমুদুল হক, জেলা সভাপতি ডা. আফতাব উদ্দিন, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, প্রভাষক মো. ইউনুস আলী (বাবু) প্রমুখ।
বিশেষ অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম (মুকুল) বলেন, “রোগী সেবার পাশাপাশি চিকিৎসা পেশায় নিয়োজিত সবাইকে নৈতিকতা ও আদর্শ বজায় রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে নৈতিক চরিত্রের পদস্খলন ঘটে।”
পৃষ্ঠপোষক মাওলানা কামারুজ্জামান বলেন, “ডাক্তারি একটি মহৎ ও মানবসেবামূলক পেশা। এ পেশার মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
বক্তারা বলেন, চিকিৎসা পেশায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানবিকতা, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভিলেজ ডক্টরদের আরও প্রশিক্ষিত ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সেমিনারটি সঞ্চালনা করেন প্রভাষক মো. হাফিজুর রহমান। এতে ভিলেজ ডক্টরস ফোরামের সদস্য, বিভিন্ন পর্যায়ের গ্রাম্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সুধীজন অংশ নেন।