
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ক্রীড়াঙ্গনে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) মাগরিবের নামাজের পর দেয়াড়া ইউনিয়নে এ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়ন পর্যায়ে যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দেয়াড়া ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শামসুল আলম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রোমেল এবং ১১ নম্বর দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আমজাদ হোসাইন।
বৈঠকটি পরিচালনা করেন আসাদুজ্জামান আসাদ।
বৈঠকে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা, শ্রম ও প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে যুবকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম আয়োজন, তরুণদের মাঠমুখী করা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও যুবসমাজকে কেন্দ্র করে গঠনমূলক কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
এ সময় দেয়াড়া ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :