
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু। অনুষ্ঠানে তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে নিয়মিত ক্রীড়া চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি গোলাম ছরোয়ার, সহকারী সেক্রেটারি ইব্রাহিম হোসেন, বাইতুল মাল সম্পাদক সোহানুর রহমান এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
পরে অতিথি ও আয়োজকদের উপস্থিতিতে জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করছে। উদ্বোধনকে কেন্দ্র করে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্টের সবগুলো খেলা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :