
বনি আমিন
সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলা পরিষদ পুকুরে আয়োজিত পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুস সালেহীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, কলারোয়া পৌর জামায়াতের আমির ডা. ইউনুস আলী বাবুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পোনা অবমুক্তকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ করতে সরকারি জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়ায় মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :