ব্রেকিং নিউজ :

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন | ১৫৯
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকার পরিচালক ড. খান মীজানুল ইসলাম সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা সত্য, ন্যায়, সততা ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে পারে। তিনি দুর্নীতিমুক্ত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর তাৎপর্য এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজের দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।