ব্রেকিং নিউজ :

তালা-কলারোয়ার এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সহযোগিতায় হেলাতলায় ইটের সোলিং রাস্তার কাজের উদ্বোধন


প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন | ১৩৯
তালা-কলারোয়ার এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সহযোগিতায় হেলাতলায় ইটের সোলিং রাস্তার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইটের সোলিং রাস্তা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
তালা-কলারোয়া আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর সহযোগিতায় বাস্তবায়িত এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন হেলাতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ইমামুল ইসলাম।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার অসংখ্য সাধারণ মানুষ। এ সময় তারা নির্মাণকাজের সফল বাস্তবায়ন কামনা করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ রাস্তাটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। ইটের সোলিং নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে এবং শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপকৃত হবেন। বর্ষা মৌসুমেও রাস্তাটি ব্যবহার উপযোগী থাকায় এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
এলাকাবাসী উন্নয়নমূলক এ উদ্যোগের জন্য তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাস্তার নির্মাণকাজ শুরু হয়। স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।