
আন্তর্জাতিক ডেস্ক :
ইতালির রোমের কাসালোত্তির ভায়া মন্তিগলিও এলাকায় বাংলাদেশি একটি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন গৃহকর্তা কামাল উদ্দিন (৩৯), তাঁর স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী মেয়ে আরসোয়া। ইতালির জাতীয় দৈনিক লা রিপাবলিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভয়াবহ এই সহিংসতা থেকে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সী ছেলে আনিয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশের তদন্তকারী দল। ঘটনার পরপরই পুলিশ ও ফরেনসিক দল কাসালোত্তির ভায়া মন্তিগলিও এলাকাটি ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হত্যাকারী এই পরিবারের পূর্বপরিচিত এবং সম্ভবত বাংলাদেশি। ঘটনাস্থলটি ছিল কামালের নিজেদের ঘর। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের কোনো লক্ষণ না থাকায় পুলিশ ধারণা, পরিচিত কেউ হওয়ায় ভুক্তভোগীরা নিজেই তাঁর জন্য দরজা খুলে দিয়েছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন আনিয়ান পুলিশকে জানিয়েছেন, তিনি অভিযুক্তকে চিনতে পেরেছেন। তারা দুজন একই সুপার মার্কেট চেইনে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনার পর নীল রঙের শার্ট পরা অভিযুক্তকে হেঁটে এলাকা থেকে যেতে দেখা গেছে।
রোম পুলিশ জানিয়েছে, ঘাতককে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। বেঁচে যাওয়া আনিয়ানের দেওয়া বিস্তারিত জবানবন্দি ঘাতককে চিহ্নিত ও গ্রেপ্তারে মূল ভূমিকা পালন করবে।
কাসালোত্তি এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় গভীর আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে জড়ো হওয়া প্রবাসীদের অনেকেই এই নির্মম হত্যাকাণ্ডে হতবাক হয়ে গেছেন।
(ইন্ডিপেন্ডেন্ট)
আপনার মতামত লিখুন :