ব্রেকিং নিউজ :

নলতা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ একজনকে পুলিশের কাছে হস্তান্তর


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১:২৫ অপরাহ্ন | ১৬৯
নলতা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ একজনকে পুলিশের কাছে হস্তান্তর

কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নলতা চৌমহনিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ে-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে চৌমহনির একটি দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৪৩ পিস গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। পরে উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিকে কালিগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কিসমাতুল বারী, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যরা (মেম্বার), বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ে বলেন, “ইউনিয়ন থেকে মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কালিগঞ্জ থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।