
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি হোটেলকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং অন্যান্য ভোক্তা অধিকারবিরোধী অনিয়মের অভিযোগে কলারোয়ার রাজ হোটেল ও দুলালের হোটেলকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কোনো প্রতিষ্ঠান ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত তদারকি ও আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হবে।
আপনার মতামত লিখুন :