ব্রেকিং নিউজ :

সাতক্ষীরা দিবা-নৈশ ডিগ্রি কলেজের সামনে অবৈধ স্থাপনা অপসারণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন।


প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন | ২৪৯
সাতক্ষীরা দিবা-নৈশ ডিগ্রি কলেজের সামনে অবৈধ স্থাপনা অপসারণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন।

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা দিবা-নৈশ ডিগ্রি কলেজের সামনে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ এবং গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজ মোড় এলাকায় একটি অবৈধ ভবনের কারণে প্রায় ৩০ ফুট প্রশস্ত সড়কের উন্নয়ন কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। ফলে সড়কটি সংকীর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট অবৈধ স্থাপনা অপসারণের জন্য পৌরসভা থেকে নোটিশ প্রদান করা হলেও রহস্যজনক কারণে এখনো পর্যন্ত ভবনটি ভাঙা হয়নি। তারা প্রশ্ন তোলেন, কার প্রভাব বা নির্দেশে এখনো অবৈধ স্থাপনাটি বহাল রয়েছে এবং কেন প্রশাসনের নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে না।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা ডে-নাইট কলেজ মোড়, ল’ কলেজ এবং বড়বাজারমুখী এই তিন রাস্তার সংযোগস্থলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সড়ক সংকীর্ণ থাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পণ্যবাহী যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধন থেকে স্থানীয়রা প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ ভবনটি অপসারণ করে রাস্তা প্রশস্তকরণের কাজ সম্পন্ন করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।