
জাবিদ হাসান
কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত আট দলীয় ‘সোনামাটি গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে মকন্দপুর ইমাজিন ক্লাব। ফাইনালে তারা টাইব্রেকারে ৩-১ গোলে কয়লা প্রগতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাজারো দর্শকের উপস্থিতিতে দুই দলের খেলোয়াড়রা মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকার পর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মকন্দপুর ইমাজিন ক্লাব। অন্যদিকে টুর্নামেন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় কয়লা প্রগতি সংঘকে।
পুরস্কার বিতরণী ও অতিথিবৃন্দ
খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার তুলে দেন ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী (জামায়াত মনোনীত) মাওলানা ফিরোজ আহমাদ আজাদি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মকবুল হোসেন, ইসরাইল হোসেন, আকাশ, তৌহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা।
স্থানীয় ক্রীড়ামোদিরা জানান, এ ধরনের গ্রামীণ ফুটবল আয়োজন তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আপনার মতামত লিখুন :