ব্রেকিং নিউজ :

বিএনপি নেতা কেসমতকে জামায়াতের আমির পরিচয়ে অশালীন ভিডিও প্রচার


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন | ১৩৯
বিএনপি নেতা কেসমতকে জামায়াতের আমির পরিচয়ে অশালীন ভিডিও প্রচার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বয়স্ক ব্যক্তির অশালীন ভিডিও প্রচার করে তাকে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দাবি করা হয়েছে। তবে সরেজমিনে খোঁজ নিয়ে এ দাবির সত্যতা পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তি মো. কেসমত আলী। তিনি ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির মেম্বার প্রার্থী ও সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি।

সম্প্রতি ‘কলারোয়া উপজেলা বিএনপি’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়। ওই পোস্টে কেসমত আলীকে ‘বোয়ালিয়া গ্রামের জামায়াতের আমির’ উল্লেখ করে অনৈতিক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেনের অভিযোগ তোলা হয়। আইডিটিতে তারেক রহমান ও হাবিবুল ইসলাম হাবিবের ছবি ব্যবহার করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামী। ইউনিয়ন সভাপতি মো. সাবুর আলী ও সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমদ এক বিবৃতিতে বলেন, জামায়াতের আমির পরিচয়ে অশালীন ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তারা জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয়ভাবে যাচাই করে ভিডিওতে থাকা ব্যক্তিকে জামায়াতের আমির হিসেবে শনাক্ত করার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।