
মোঃ রাশিদুল কবির সবুজ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় কলারোয়া উপজেলা জামায়াত কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি কলারোয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমির মাওলানা কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এবং কলারোয়া পৌর জামায়াতের আমির ইউনুস আলী বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, কলারোয়া উপজেলা শাখার সভাপতি মো. শামসুল আলম বুলবুল।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং আইনের কঠোর প্রয়োগ একান্ত জরুরি। একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে মো. শামসুল আলম বুলবুল বলেন, “দেশের যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যুবকদের নৈতিক ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব ও ক্রীড়া বিভাগের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :