ব্রেকিং নিউজ :

হাসপাতালের শয্যায় অসুস্থ জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শ্যালকের আবেগঘন স্মৃতিচারণ


প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন | ৩৩৯
হাসপাতালের শয্যায় অসুস্থ জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শ্যালকের আবেগঘন স্মৃতিচারণ

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন। এ অবস্থায় তাকে নিয়ে তার শ্যালক, বিশিষ্ট ব্যাংকার জাকির হোসেনের লেখা একটি আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত স্মৃতি এবং শওকত চেয়ারম্যানের সততা, ধর্মীয় অনুরাগ ও জনসেবার নানা দিক তুলে ধরে লেখা পোস্টটি ইতোমধ্যে অনেকের নজর কেড়েছে।

ফেসবুক পোস্টে জাকির হোসেন উল্লেখ করেন, ১৯৭৯ সালে তার বড় বোনের সঙ্গে শওকত হোসেনের বিয়ের পর থেকে প্রায় অর্ধশতাব্দী ধরে তাদের পারিবারিক সম্পর্ক। ছোটবেলা থেকেই তিনি শওকত চেয়ারম্যানকে কাছ থেকে দেখেছেন এবং তার সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও আত্মত্যাগের সাক্ষী হয়েছেন।

স্মৃতিচারণে তিনি দাবি করেন, দীর্ঘ ১৮ বছর জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও শওকত চেয়ারম্যান কখনো ব্যক্তিগত সম্পদ গড়ার চেষ্টা করেননি। বরং অভাব-অনটনের মধ্যেও সাদাসিধে জীবনযাপন করেছেন এবং দীর্ঘ সময় সাইকেলেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দাপ্তরিক ও জনসেবামূলক কাজ সম্পন্ন করেছেন।

এছাড়া মসজিদের প্রতি তার গভীর অনুরাগ, নিয়মিত নফল ইবাদত, মানুষের প্রতি আন্তরিকতা, সংগঠনের প্রতি নিবেদন এবং ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে সমান আচরণের বিষয়গুলোও পোস্টে তুলে ধরা হয়। বিশেষ করে ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্কের কথা উল্লেখ করে লেখক বলেন, শওকত চেয়ারম্যান মানুষের ভালোবাসা অর্জন করেছেন তার সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক আচরণের মাধ্যমে।

পোস্টের শেষাংশে জাকির হোসেন লেখেন, গত কয়েক দিনে শওকত চেয়ারম্যানের অসুস্থতার খবরে সাধারণ মানুষের যে ভালোবাসা, দোয়া ও আবেগ প্রকাশ পেয়েছে, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি সবার কাছে শওকত চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চান এবং আশাবাদ ব্যক্ত করেন, মানুষের ভালোবাসা ও মহান আল্লাহর রহমতে তিনি আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।

ফেসবুকে প্রকাশিত এ স্মৃতিচারণ ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্যে শওকত চেয়ারম্যানের সততা, জনসেবা ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।