
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং শারীরিক-মানসিক বিকাশে সহায়তা করার লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ফুটবল তুলে দেওয়া হয়। এ সময় এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মশিয়ার রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম, ওলামা বিভাগের ইউনিট সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনসহ ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী।
ফুটবল গ্রহণের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানান এবং মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও বেশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মোবাইল ও বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে ক্রীড়া সামগ্রী বিতরণ একটি সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগের জন্য মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহকে ধন্যবাদ জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :