
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
সীমান্তবর্তী দেবহাটা উপজেলায় সুবিধাবঞ্চিত ২৫ জন এতিম শিশুর মুখে ফুটেছে স্বস্তির হাসি। চলতি বছরের দ্বিতীয় মেয়াদে তিন মাসের খাদ্যসামগ্রী, নতুন জামাকাপড়, জুতা-মোজা ও হাইজিন প্যাক (স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী) পেয়ে উচ্ছ্বসিত শিশুরা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর অধীনে এই সহায়তা বিতরণ করা হয়। দেশে মোট ৪০০ এতিম শিশুকে এ প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন সংস্থার অরফ্যান কেয়ার প্রোগ্রামের জুনিয়র প্রজেক্ট অফিসার মো. সাজিদ আল আহাদ, প্রোগ্রাম অর্গানাইজার মো. শরিফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হ্যাজারী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
সহায়তা হিসেবে প্রতি শিশুর জন্য ছিল ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুরের ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি গুঁড়ো দুধ, ৩ জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩ জার বিস্কুট, ৩ বক্স চকলেট ও ৬ কেজি মৌসুমি ফল।
এর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হয় ৪টি টুথপেস্ট, ৪টি ব্রাশ, ৬টি গায়ে মাখার সাবান, ১২টি কাপড় কাচার সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি পেট্রোলিয়াম জেলি, চিরুনি ও নেল কাটার। নতুন পোশাক ও জুতা পেয়ে আগামীর দিনগুলোতে আরও ভালোভাবে থাকার স্বপ্ন বুনছে এই শিশুরা।
আপনার মতামত লিখুন :