ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী প্রত্যয়ের মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ন | ২০৯
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী প্রত্যয়ের মৃত্যু

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর নাথপাড়া এলাকার বাসিন্দা ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারির ছেলে প্রত্যয় হাজারি (১৮) সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত প্রত্যয় এ বছর ধুলিহর-ব্রহ্মরাজপুর ইউনাইটেড হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্বজনেরা জানান, গত ২১ জুলাই পারুলিয়ায় ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে কম্পিউটার প্রশিক্ষণে যাচ্ছিলেন প্রত্যয়। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পথেই রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
শিক্ষার্থী প্রত্যয়ের এই অকালমৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছে