
কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় মামলা নং-১১/১৯৮৫-এ ০৫ আগস্ট ২০২৬ তারিখে মো. নজরুল ইসলাম বাদী হয়ে দায়ের করা একটি মামলায় বিএনপির সাবেক নেতা মো. জাকির হোসেনকে আসামি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁর পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। তাঁদের অভিযোগ, কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই তাঁকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) অনুযায়ী, ০৫ আগস্ট ২০২৬ রাত ১২টা ১৫ মিনিটে সংঘটিত একটি ঘটনায় বাদী মারধর, ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ এনে একাধিক ব্যক্তিকে আসামি করেন। এজাহারে ২০ নম্বর আসামি হিসেবে মো. জাকির হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে জাকির হোসেনের পরিবারের দাবি, অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁদের ভাষ্য, অতীত রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
জাকির হোসেন নলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন। পরিবারের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন, কয়েকবার কারাবরণ ও রিমান্ডের শিকার হন এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেন। এমনকি মায়ের মৃত্যুর সময়ও স্বাভাবিকভাবে শেষ বিদায় জানানোর সুযোগ পাননি।
পরিবারের দাবি, সরকার পরিবর্তনের পরও স্থানীয় প্রতিপক্ষের প্রভাবে তাঁকে আবারও একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাঁরা মামলাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জাকির হোসেনের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :