
মোঃ জাবিদ হাসান
সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি হাই স্কুল মাঠে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ৮ দলীয় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মু. শামসুল আলম বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক মো. জাহিদ হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আলহাজ্ব সাবুর আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমাদ, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মো. আসাদুজ্জামান, কেঁড়াগাছি ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আনছার আলী এবং যুব নেতা মকবুল গাজি, আবু বকর সিদ্দিক ও শরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোঃ রাফু বিল্লাহ এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন মোঃ তোতা মিয়া ও আশিকুর রহমান।
উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করতে অনবদ্য ভূমিকা রাখে। তরুণদের মাঠমুখী করার এমন উদ্যোগ প্রশংসনীয়। আয়োজক কমিটি আশা প্রকাশ করেন, দর্শক ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :