
আরিফুল ইসলাম:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় নদীভাঙন কবলিত এলাকাগুলোর সুরক্ষায় এবং অনতিবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী (এক্সএন)-এর সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। গত ১২ আগস্ট বুধবার সাতক্ষীরা জেলা পাউবো নির্বাহী প্রকৌশলীর (এক্সএন) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে আনুলিয়া ও প্রতাপনগরসহ সমগ্র আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের ভয়াবহ নদীভাঙন পরিস্থিতি তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী বাঁধের কাজ শুরু করতে পাউবো কর্মকর্তা তাজকিন আহমেদকে জোর তাগিদ দিয়ে এমপি রবিউল বাশার বলেন, “প্রতিনিয়ত জোয়ারের পানি বৃদ্ধি ও বাঁধের জরাজীর্ণ অবস্থার কারণে আশাশুনির উপকূলীয় অঞ্চলের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। টেকসই বাঁধের অভাবে প্রতিবছর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি, ঘরবাড়ি ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলীয় মানুষের প্রাণ বাঁচাতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
সভায় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (এক্সএন) তাজকিন আহমেদ এবং এসডিও রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী এন এ এম আলী মুরতাজা, জামায়াতের অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস ।
পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিন আহমেদ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নদীভাঙন রোধে ও টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
আপনার মতামত লিখুন :