ব্রেকিং নিউজ :

কলারোয়ার জয়নগরে ৮ দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন | ২১৯
কলারোয়ার জয়নগরে ৮ দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগরে ৮ দলীয় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি শরিফুজ্জামান মিঠু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আতিকুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমানসহ ইউনিয়ন জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল দর্শকদের উপস্থিতি ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং জয়নগর এলাকায় একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে উঠবে।