
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া এলাকায় কপোতাক্ষ নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
স্থানীয়রা নদীভাঙনের কারণে বসতভিটা, ফসলি জমি ও জানমাল নিয়ে উদ্বেগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাদের কথা শুনে এমপি ইজ্জত উল্লাহ তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে নদীভাঙনের বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বালিয়াসহ আশপাশের এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :