ব্রেকিং নিউজ :

এমপি নজরুলের জামিনে কোনো আপত্তি নেই বাদীপক্ষের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন | ১৬৯
এমপি নজরুলের জামিনে কোনো আপত্তি নেই বাদীপক্ষের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিবেদক,

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে বাদীপক্ষ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানিতে মামলার বাদী ও মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ এ কথা জানান।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ার কারণেই বাদীপক্ষ জামিনের বিরোধিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে দুই আসামির জামিনের বিষয়ে আদালতের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত আদেশ প্রদান করা হয়নি।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন।