
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
কদমতলা বাজার কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সংবাদদাতা: সাতক্ষীরার কদমতলা বাজারের আশপাশে মাদক ব্যবসা বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানচিত্রদেখুন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় কদমতলা বাজার কমিটি ও সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন কদমতলা বাজার কমিটির সভাপতি মো. আইয়ুব আলী। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য দেন কদমতলা বাজার কমিটির প্রধান উপদেষ্টা ডা. মো. মিজানুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য ডা. হাসান সিদ্দিকী লাভু, আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়ারুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী আশরাফুজ্জামান ও কাপড় ব্যবসায়ী হাফেজ আল আমিন হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কদমতলা বাজারসংলগ্ন নলকুড়া গ্রামের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হলেও তাঁরা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। বাজার কমিটি ও এলাকাবাসী বিভিন্নভাবে তাঁদের প্রতিহত করার চেষ্টা করেও সফল হননি।
বক্তারা আরও অভিযোগ করেন, গত ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তাঁরা মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য দেন বাজার কমিটির সহসভাপতি শামসুজ্জামান, সহসাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. মিলন হোসেন, কোষাধ্যক্ষ মো. মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক আফসার আলী এবং কমিটির সদস্য মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. আবুল হাসান, মো. সাইদুজ্জামান, মো. শিমুল হোসেন, মো. হযরত আলী ও মোহাম্মদ আলী প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় কদমতলা বাজার কমিটির সদস্যসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. আবু সাঈদ।
আপনার মতামত লিখুন :