
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়ায় আদালতে জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমিতে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালানোর অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মানচিত্রদেখুন
মামলার নথি ও বাদীপক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলাটুপি মৌজার একটি জমির মালিকানা ও দখল নিয়ে পিছলাপোল গ্রামের আক্কাজ আলীর ছেলে মোকছেদ আলী এবং একই গ্রামের রেজাউল শেখের ছেলে কামাল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় কলারোয়া সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি ২০২/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, গত ২৮ অক্টোবর সকাল ৮টার দিকে বিরোধপূর্ণ জমির রাস্তা সংলগ্ন পূর্ব পাশে ইট, বালু, সিমেন্ট ও রড এনে পাকা দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে জমির বর্তমান অবস্থা ও ভোগদখল নিয়ে নতুন করে বিরোধের আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ১ ও ২ বিধি এবং ১৫১ ধারায় আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন বাদীপক্ষ। আবেদনে বিরোধপূর্ণ জমিতে নতুন স্থাপনা নির্মাণ, জমির প্রকৃতি পরিবর্তন এবং শান্তিপূর্ণ ভোগদখলে বাধা সৃষ্টি না করার বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে।
বাদীপক্ষের দাবি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পরে আবার কাজ শুরু করা হচ্ছে।
অন্যদিকে, বিবাদী কামাল শেখ বলেন, ‘তারা আদালতের রায় নিয়ে এলে আমি তাদের জমি ছেড়ে দেব। আদালতের নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো কাগজপত্র আমি পাইনি।’
জমি নিয়ে বিরোধের জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাদীপক্ষ। একই সঙ্গে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মামলার বাদী মোকছেদ আলী।
আপনার মতামত লিখুন :