ব্রেকিং নিউজ :

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, প্রতিষ্ঠানটি পুনরায় চালুর আশ্বাস ইউএনওর


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন | ১৮৯
কলারোয়া ডায়াবেটিস হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,  প্রতিষ্ঠানটি পুনরায় চালুর আশ্বাস ইউএনওর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া ডায়াবেটিস হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া ডায়াবেটিস হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলারোয়া পৌরসভার পৌর প্রশাসক জনাব আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের কনসালটেন্ট, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাতক্ষীরা জেলা আহ্বায়ক এবং কলারোয়ার বিশিষ্ট জেনারেল সার্জন ডা. মেহের উল্লাহ, কলারোয়া সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদ সাইফুল্লাহ, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও কলারোয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রইস উদ্দীন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু নসর, কলারোয়া ডায়াবেটিস হাসপাতাল পরিচালনা কমিটির সেক্রেটারি ও বিশিষ্ট বিএনপি নেতা শরিফুজ্জামান তুহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস রোগের ভয়াবহতা, সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি কলারোয়া ডায়াবেটিস হাসপাতালটিকে নতুন উদ্যমে আধুনিক ও উন্নত সেবার মাধ্যমে পুনরায় চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি আরিফুল ইসলাম কলারোয়া ডায়াবেটিস হাসপাতালটি পুনরায় চালু ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ এবং সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁর এ আশ্বাসে হাসপাতালটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উপস্থিত সুধীজনের মধ্যে আশার সঞ্চার হয়।

বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

আলোচনা সভা শেষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত অসংখ্য রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানটি বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি কলারোয়া ডায়াবেটিস হাসপাতাল পুনরায় চালুর প্রত্যাশাকে আরও জোরালো করে তোলে।