
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তাফিজুর রহমান (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কলারোয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মির্জাপুর গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় মোঃ মোস্তাফিজুর রহমানের পরিহিত লুঙ্গির সামনের ডান কোচরে থাকা একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ মোস্তাফিজুর রহমান (৫১) কলারোয়া থানার মির্জাপুর গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কলারোয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :