ব্রেকিং নিউজ :

ভোমরায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন | ২৩৯
ভোমরায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

ভোমরা প্রতিনিধি :-

অসহায় ও দুস্থ মানুষদের চোখের আলো ফেরাতে এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ৬নং ভোমরা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প’। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোমরা ইউনিয়ন শাখার উদ্যোগ এবং গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এ সেবা প্রদান করা হয়।
ভোমরা ইউনিয়নের পল্লী শ্রী চার রাস্তা মোড়ে (ইউনিয়ন জামায়াত কার্যালয়ের নিচে) সকাল ৯:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত একটানা এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে এলাকার শত শত দুস্থ ও বয়োবৃদ্ধ রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা, পরামর্শ ও ছানি রোগী সনাক্তকরণের সুবিধা লাভ করেন।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং জামায়াত মনোনীত ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, “দৃষ্টিশক্তি মানুষের পরম নিয়ামত। অর্থাভাব বা সচেতনতার অভাবে অনেক দরিদ্র মানুষ সময়ে সঠিক চিকিৎসাসেবা পান না। গ্রামীণ চক্ষু হাসপাতালের এই মানবিক ও চিকিৎসাসেবামূলক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনকে নতুন করে আলোকিত করবে। মানবসেবার এ জাতীয় ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”
ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুর রশিদ।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “সকল নাগরিকের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সরকারি পদক্ষেপের পাশাপাশি বেসরকারি ও প্রাতিষ্ঠানিক এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষ যারা ছানি জনিত সমস্যায় ভুগছেন, তাঁদের চিকিৎসার সুযোগ তৈরিতে এই ক্যাম্প একটি মাইলফলক হয়ে থাকবে।”
ক্যাম্পের সার্বিক পরিচালনায় ক্যাম্প ইনচার্জ ইমরান হোসেন জানান, “আমাদের মূল লক্ষ্য একটাই—অর্থের অভাবে যেন কোনো মানুষ অন্ধত্বের শিকার না হন। শতভাগ বিনামূল্যে আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা নিশ্চিত করছি। এই সেবার বিপরীতে রোগীদের কাছ থেকে কোনো প্রকার টাকা বা হাদিয়া গ্রহণ করা হচ্ছে না।”
উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে আরও উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, অর্থ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম বাহাদুর, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল গফফার, পেশাজীবী বিভাগের সভাপতি আক্তারুল ইসলাম ও সেক্রেটারি আরিফ হোসেন রনি, ৭নং ওয়ার্ড সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।