
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনী, তাঁর আদর্শ, চরিত্র ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সম্প্রতি রামচন্দ্রপুরে আয়োজিত এ সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আহম্মাদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হাফিজুর রহমান।
মাহফিলে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাঙ্গলঝাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আবু সুলাইমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব মোসলেম আলী, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মো. কবিরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের নেতৃবৃন্দ।
প্রধান বক্তার আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, নবুয়ত লাভ, মক্কা ও মদিনার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাঁর অসাধারণ নৈতিক চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয়। তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার পথ রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হাফিজুর রহমান মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণ সমাজকে রাসুল (সা.)-এর জীবনী অধ্যয়ন এবং তাঁর উত্তম চরিত্র অনুসরণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও অশান্তি দূর করতে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর জীবনের সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিরাত মাহফিলকে কেন্দ্র করে রামচন্দ্রপুর এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন এবং মনোযোগ দিয়ে বক্তাদের আলোচনা শোনেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :