ব্রেকিং নিউজ :

কাকডাঙ্গা ইয়ং জেনারেশনের উদ্যোগে চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট শুভউদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ন | ১০৯
কাকডাঙ্গা ইয়ং জেনারেশনের উদ্যোগে চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট শুভউদ্বোধন

মোঃ জাবিদ হাসান
তারুণ্যের উচ্ছ্বাস ও ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কাকডাঙ্গা ফুটবল ময়দানে আজ শনিবার সকাল ১০টায় শুরু হয়েছে চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। ‘কাকডাঙ্গা ইয়ং জেনারেশন’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই জমজমাট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়াঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
সকালে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফিরোজ আহমাদ আজাদী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কাকডাঙ্গা ইয়ং জেনারেশনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক ধারায় ধরে রাখতে দারুণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাংগা বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম, মাঠ কমিটির সভাপতি প্রফেসর লাল্টু হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ক্রীড়া বিভাগের ৩ নম্বর ওয়ার্ড কাকডাঙ্গা শাখার সভাপতি মো. ইমরান সিদ্দিকী জুয়েল ও মো. ইকবাল হোসেন। বক্তারা এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।