
জাহিদুল ইসলাম
সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আলারা হাইস্কুল ফুটবল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. সিরাজুস সালেহীন নিজে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, মাস্টার মো. মনিরুজ্জামান এবং স্কাউট সদস্যরা।
অভিযানে অংশগ্রহণকারীরা ফুটবল মাঠ ও আশপাশের এলাকার ঝোপঝাড় এবং জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। এ সময় সম্প্রতি ডেঙ্গু জ্বরের বিস্তার বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে এডিস মশার বংশবৃদ্ধি রোধে ডাবের খোসা, প্লাস্টিকের বোতল বা কোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। একই সাথে নিয়মিত নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
বক্তব্যে অতিথিরা বলেন, “সম্প্রতি ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পরিচ্ছন্নতা কেবল কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।”
আপনার মতামত লিখুন :